
আজ চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে স্কুল শিক্ষিকা নাজমা আক্তার (৪১) গত বৃহস্পতিবারে দুপুরে চাটখিল পৌর বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এসময় প্রতারকচক্র সুকৌশলে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার টাকাপয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে সটকে পড়ে।
এ বিষয়ে স্কুলশিক্ষিকার নাজমা বেগম অজ্ঞাত নামা অজ্ঞান পার্টির সদস্যদের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে এবং তার সাথে কথা বলে জানা যায়, তিনি গত বৃহস্পতিবার দুপুরে চাটখিল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যাওয়ার সময় চাটখিল বাজারের আল আমিন বেকারীর সামনে পর্যন্ত গেলে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে বোন বলে সম্বোধন করে তার মুখের সামনে একটি প্যাকেট খুলে দেখায় এবং তাতে কিছু মূল্যবান জিনিস আছে বলে জানান, তার মুখের সামনে প্যাকেটটি খোলার পর পরই তিনি অনেকটা হতবিহ্বল হয়ে পড়েন। এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা তার হাতে, কানে, গলায় থাকা স্বর্ণালঙ্কার ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা সহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে সটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন অনেকটা অচেতন অবস্হায় নাজমাকে উদ্ধার করে তার ভাড়া বাসায় নিয়ে যায়।
পরে তিনি কিছুটা সুস্থ হয়ে শুক্রবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে চাটখিল থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, ঘটনার তদন্ত চলছে এবং সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তদের আটকের প্রচেষ্টা পুলিশের রয়েছে।