
যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ৪৮ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা চৌগাছা শহরের বিভিন্ন স্থান থেকে এসব মোটরসাইকেল জব্দ করে মালিকদের নামে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেন।যশোর ট্রাফিক পুলিশের টিএসআই সরোয়ার হোসেন বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করার অভিযোগে এসব মোটরসাইকেল জব্দ করে মালিকদের নামে মামলা দেয়া হয়েছে। নিবন্ধন না থাকা মোটরসাইকেলের মালিকরা নিবন্ধন সম্পন্ন করে জরিমানা দিয়ে, অন্যরা জরিমানা পরিশোধ করে থানা থেকে মোটরসাইকেল ফেরৎ পাবেন। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান চলছে। অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এএসআই সাইদুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৮টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।