
বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ধলু মৃধা (৬০) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে ধলু মৃধার ছেলে মো. হাসান (১৯) আহত হয়েছেন।
গতকাল রবিবার সকাল সাড়ে আটটার দিকে বেতাগী সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধলু মৃধা একই এলাকার মৃত মোজাফর মৃধার ছেলে।
ধলু মৃধার স্বজনরা জানান, নিহত ধলু মৃধার সঙ্গে জমি নিয়ে তার চাচা শ্বশুর রফিক মল্লিকের (৫৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এর জেরে গতকাল রবিবার(২ জানুয়ারি)সকালে রফিক মল্লিক তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে আসে। এ সময় ধলু মৃধার সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে রফিক তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ধলু মৃধা ও তার ছেলেকে আঘাত করেন। এতে ধলু মৃধা ঘটনাস্থলে মারা যায় ও তার ছেলে হাসান আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেন ধলু মৃধাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।