নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব আহমেদ। মোরগ প্রতীকে ২৪২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝুটন কুমার সাহা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট। মাত্র ৪ ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছে এই নির্বাচনের ফলাফল।
২৩ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। ভোট গণনা শেষে রাজিব আহমেদের বিজয় নিশ্চিত হলে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী মহলে পরিচিত মুখ রাজিব আহমেদের এ বিজয়কে ঘিরে নবীন-প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের আধুনিকায়ন এবং বণিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব আহমেদের সামনে এখন নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ। দল-মত নির্বিশেষে সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ও কার্যকর বণিক সমিতি গড়ে তোলাই হবে তাঁর নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা।
মাত্র চার ভোটের ব্যবধানের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে স্মরণীয় হয়ে থাকবে।