নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় এক যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজিব আহমেদ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ সারির কারণে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ অব্যাহত রাখা হয়। ভোট গণনা শেষে রাতে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা আব্দুস সালাম। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে বজলুর রহমান মিন্টু ৫৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান বকুল পেয়েছেন ৪৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ‘মোরগ’ প্রতীক নিয়ে রাজিব আহমেদ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাত্র ৪ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝুটন কুমার সাহা পেয়েছেন ২৩৮ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে শহিদুর রহমান শহিদ ৩৬৮ ভোট ও মনির হোসেন ১৯৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন ২৭৯ ভোট ও ইব্রাহিম ২৬৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান খান ৪৯৭ ভোট, প্রচার সম্পাদক পদে আরিফুল ইসলাম ভোলা ৫১৬ ভোট, ধর্মবিষয়ক সম্পাদক পদে জাহিদুল ইসলাম ৫৩৭ ভোট এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লাভলু মিয়া ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে তফসিল অনুযায়ী কোষাধ্যক্ষ পদে মো. কবির হোসেন কাজল এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান ২৮৯ ভোট, মো. শহর আলী ১৭০ ভোট, মো. শফিকুল ইসলাম ১৫৪ ভোট, সোহেল রানা ১২৬ ভোট এবং মজনু ১১৩ ভোট পেয়ে।
নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি বজলুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।