
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নতুন ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা, নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শওকত আলী, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় শিক্ষক নেতারা শিক্ষার উন্নয়ন, প্রশাসনিক সেবা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইউএনওর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবাগত ইউএনও মোঃ এরফান উদ্দিন শিক্ষকদের এই আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে শিক্ষা খাতের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
