নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারা দেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।
একইসঙ্গে কমেছে জিপিএ-৫-এর সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষা, যেখানে গত বছর পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিলে ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
এ বছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর ক্রমান্বয়ে যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বিভাগে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ, এবং সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ ও কারিগরি বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।