
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩৯ দশমিক ৭৫। একই সময়ে বিভাগে করোনা সংক্রমণে কারও মৃত্যু হয়নি। আজ রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ১৩৬, পটুয়াখালীতে ৪০, ভোলায় ৩৭, ঝালকাঠিতে ৫৬, বরগুনায় ২২ ও পিরোজপুরে ৬৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় গতকাল সকাল পর্যন্ত বিভাগের ছয় জেলায় ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৪৪ দশমিক ৯৫।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, তৃতীয় ঢেউ শুরুর পর থেকেই বরিশাল ও পিরোজপুর জেলায় সংক্রমণে ঊর্ধ্বগতি ছিল। তা এখনো অব্যাহত আছে। তবে বিভাগের অন্য চার জেলাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তা দ্রুততার সঙ্গে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।